Ridge Bangla

নওগাঁয় বিএনপি নেতার গুদাম থেকে ১৪৯ বস্তা সার জব্দ

নওগাঁর পত্নীতলা উপজেলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করেছে কৃষি অফিস। বুধবার সন্ধ্যায় শিহাড়া ইউনিয়নের পাটলের গোয়েন্দা পাড়ায় সৈনিক ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। জব্দ করা সার পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের গুদামে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল মণ্ডল কীটনাশক ও খুচরা সার ব্যবসায়ী। বিকেলে সাড়ে ৩টার দিকে তার গুদামে সার মজুতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কৃষকদের অভিযোগ, সার সংকটের মধ্যে এভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখা প্রতারণারই শামিল। কৃষক রেজাউল করিম ও ওমর ফারুক বলেন, “দিনের পর দিন সার না পেয়ে চাষে ক্ষতির মুখে পড়ছি। অথচ কেউ এতগুলো বস্তা সার লুকিয়ে রাখছে এটা বরদাশত করা যায় না। এর কঠোর শাস্তি হওয়া উচিত।”

অভিযোগ প্রসঙ্গে সিরাজুল মণ্ডল দাবি করেন, তিনি বৈধ সার ব্যবসায়ী এবং ডিলার নয়। স্থানীয় ডিলারদের কাছে ডিএপি না পাওয়ায় নওগাঁর নয়ন শীল নামে এক ডিলারের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে সার সংগ্রহ করছিলেন। তার দাবি, “আমি সার অন্য কোথাও পাচার করছি না, কৃষকদের জন্যই এনেছি।” উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সার জব্দ করে গুদামে রাখা হয়েছে এবং তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, সার কোথা থেকে এসেছে তা নিশ্চিত হলে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

This post was viewed: 40

আরো পড়ুন