উত্তরের সীমান্তবর্তী জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর সূর্যের দেখা মিললেও উষ্ণতার অভাবে কাঁপছে স্থানীয় মানুষজন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয় সংলগ্ন অবস্থানের কারণে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নেমে আসা শীতল বাতাস এ অঞ্চলে তীব্র শীত অনুভূত করছে। এর আগে শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে।
এলাকাজুড়ে ভোর থেকে রাত পর্যন্ত শীতের দাপট অব্যাহত থাকায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সকালে সূর্যের আলো দেখা গেলেও তাতে উষ্ণতার ছোঁয়া নেই। গ্রামাঞ্চলে গরম কাপড়, লেপ-কম্বলের আশ্রয় নিয়েই দিন কাটাতে হচ্ছে। সন্ধ্যার পর শীতের মাত্রা আরও বেড়ে যায়। শীতজনিত রোগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্থানীয় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিনই ভিড় করছেন সর্দি-কাশি, নিউমোনিয়া ও জ্বরের রোগীরা। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।