Ridge Bangla

আজ সকাল ১০টার পর লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আরও কিছুটা বিলম্বিত হচ্ছে। বৃহস্পতিবার রাতেই তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো সেই বিমানে ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে উড্ডয়নে দেরি হতে পারে। বিমানটি কাতার থেকে রওনা দেওয়ার পরই চূড়ান্ত সময় নিশ্চিত করা হবে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডন সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল। ঢাকায় নামার পরই তিনি সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে যোগ দেবেন এবং শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরবেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, জুবাইদা রহমান ঢাকা পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে। এ কারণে রওনা হতে শুক্রবার সকাল ১০টার পর লেগে যেতে পারে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞসমৃদ্ধ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাতের পর বা শুক্রবার সকালে কাতার এয়ার লাইন্সের বিশেষ ফ্লাইটে তাকে লন্ডনে নেওয়া হবে। চিকিৎসক দলের কয়েকজন সদস্যও তার সঙ্গে থাকবেন।

This post was viewed: 48

আরো পড়ুন