সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া।
নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারীদের মধ্যে ইরফান আলী নামে একজনকে আটক করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, টাকা চুরির সন্দেহে কয়েকজন জালালকে ঘর থেকে ডেকে এনে গাছে বেঁধে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনায় জালালের মা শিরিয়া বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।