Ridge Bangla

অভিনয়কে বিদায় জানিয়ে ইসলামের পথে নায়িকা মৌ খান

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌ খান অভিনয়জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে দর্শকের ভালোবাসা পেলেও তিনি জানিয়েছেন, হাতে থাকা সব কাজ শেষ করেই সম্পূর্ণভাবে অভিনয়কে বিদায় জানাবেন। ভবিষ্যতে তিনি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে নিজের রিজিকের ব্যবস্থা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে মৌ খান তাঁর প্রতি পাওয়া ভালোবাসা, সমর্থন ও দোয়ার জন্য দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

শুক্রবার (৫ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি। আমি এর জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।

তিনি আরো লেখেন, আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সা.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।

মৌ খান ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। এরপর তিনি একাধিক সিনেমায় কাজ করেছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ডিপজল প্রযোজিত ও অভিনীত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’ এবং মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’। পাশাপাশি জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ চলচ্চিত্রটির নির্মাণকাজ চলছে, যেখানে মৌও অভিনয় করছেন।

This post was viewed: 43

আরো পড়ুন