Ridge Bangla

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে

বাংলাদেশের শীত আরো কঠিন হয়ে উঠতে পারে ডিসেম্বর-ফেব্রুয়ারি সময়কালে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তিন মাসের পূর্বাভাসে জানানো হয়েছে, এ বছর দেশে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা গত কয়েক বছরের মধ্যে অন্যতম কম তাপমাত্রা হিসেবে বিবেচিত হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শীত মৌসুমে মোট ৩ থেকে ৮টি মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি শৈত্যপ্রবাহ (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের উত্তরাঞ্চলসহ মধ্য ও দক্ষিণাঞ্চলেরও বিভিন্ন এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বছরের এই সময়টিতে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ার প্রবণতা বাড়বে। নদ–নদী অববাহিকা, বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা নিয়মিত দেখা যেতে পারে, যা যোগাযোগ ব্যবস্থা ও যানবাহন চলাচলে প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া শীত মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টিপাত খুব বেশি না হলেও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি শীত আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগাম প্রস্তুতি না নিলে নিম্ন আয়ের মানুষের জন্য তীব্র শীত মোকাবিলা কঠিন হয়ে পড়তে পারে।

This post was viewed: 40

আরো পড়ুন