কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিক ওরফে রাফি (৫৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা এলাকায় এই ঘটনা ঘটে। রফিক স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় স্থানীয় বাজারের একটি দোকানে বসে ছিলেন রফিক। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হত্যার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তবে পূর্বশত্রুতাজনিত বিরোধ থেকে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।