বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, দলীয় নেতারা তাকে স্বাগত জানালেও তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি। খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত জটিল পরিস্থিতি ও সার্বিক সমন্বয় দেখতে তার আগমনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও ঢাকায় পৌঁছায়নি। ফলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পিছিয়ে গেছে। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এটি ঢাকায় পৌঁছাতে পারে।
তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন চিকিৎসকরা। জুবাইদা রহমানের দেশে ফেরা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে মন্তব্য করছেন বিএনপি নেতারা।