মানুষের নিষ্ঠুরতার বিপরীতে প্রাণীদের মানবিকতার দৃষ্টান্ত আবারও সামনে এলো ভারতে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রাস্তায় ফেলে যাওয়া এক নবজাতককে সারারাত পাহারা দিয়েছে একদল বেওয়ারিশ কুকুর। এমনই হৃদয়স্পর্শী দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে ভারতে রেলওয়ে কর্মীদের কলোনি এলাকায়। ভোর হওয়ার আগের গভীর রাতে, যখন চারপাশ নিস্তব্ধ, তখন কলোনির বাথরুমের সামনে ঠান্ডা মাটিতে পড়ে থাকা এক নবজাতককে প্রথম দেখতে পান স্থানীয়রা। শিশুটির গায়ে কোনো কাপড় নেই, বয়স মাত্র কয়েক ঘণ্টা, জন্মের রক্তও পুরো শুকায়নি। আশপাশে নেই তার মা-বাবা বা কোনো অভিভাবক। শুধু তাকে ঘিরে আছে কয়েকটি বেওয়ারিশ কুকুর, একেবারে নিখুঁত বৃত্তে।
স্থানীয় বাসিন্দারা জানান, সারা রাত কুকুরগুলো কাউকেই শিশুটির কাছে এগোতে দেয়নি। কেউ কাছে যেতে চেষ্টা করলেই সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে পাহারা দিয়েছিল তারা। বাসিন্দাদের ধারণা, কুকুরগুলো বুঝতে পেরেছিল নবজাতকটি অসহায়, তাই ঠান্ডায় বা অন্য কোনো বিপদে সে পড়ে না যায়, সেজন্যই প্রাণপণ তাকে রক্ষা করেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, রাতে কুকুরগুলোর অস্বাভাবিক ঘেউ ঘেউ শুনে তিনি ভেবেছিলেন আশপাশের কোনো বাড়িতে অসুস্থ শিশু আছে। কিন্তু বাইরে এসে দেখেন, রাস্তায় মাটিতে একটি নবজাতক শুয়ে আছে এবং তার চারপাশে কুকুরগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। ভোরের আলো ফুটতেই কুকুরগুলো ধীরে ধীরে সরে যায় এবং স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে।