Ridge Bangla

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ জন বাংলাদেশি

অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় লিবিয়ায় আটক থাকা আরও ৩১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লিবিয়া থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন করে।

ফিরে আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্রলোভন ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ অবস্থার পর দেশে ফিরতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেন।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ পথে ইউরোপ যাত্রার ঝুঁকি ও ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতরা যেন তাদের অভিজ্ঞতা আশপাশের মানুষের সঙ্গে ভাগ করে নেন। আইওএম প্রত্যেককে পথখরচ বাবদ আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।

এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ভোর ৬টায় ঢাকায় পৌঁছান। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় থাকা অবশিষ্ট বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

This post was viewed: 35

আরো পড়ুন