Ridge Bangla

সাবেক লাক্স সুন্দরী হলেন ইউএনও

সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন। তাঁর নিয়োগের খবরে পুরো উপজেলায় আনন্দ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দায়িত্বভার গ্রহণের মাধ্যমে তিনি উপজেলা প্রশাসনের নেতৃত্বে আসীন হয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

মেধা ও সৌন্দর্যের সমন্বয়ে উজ্জ্বল এক কর্মকর্তা হিসেবে পরিচিত সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ‘মিস বিউটিফুল স্মাইল’ ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার জয় করেন। কিছু সময় মিডিয়ায় কাজ করলেও পরবর্তীতে তিনি পড়াশোনা ও পেশাগত জীবনে মনোনিবেশ করেন।

তিনি ৩৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি উচ্চপদে নিয়োগ পান। ২০১৯ সালের ২০ মার্চ সরকারি প্রজ্ঞাপনে তাঁর ক্যাডার সুপারিশ চূড়ান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়, যার অংশ হিসেবে নীলফামারীর ৬ উপজেলার মধ্যে ৩টিতে রদবদল করা হয়েছে।

তাঁর পিতা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মাতা সালমা সুলতানা গৃহিণী। শৈশব থেকেই সংস্কৃতি ও শিল্পের প্রতি প্রবল অনুরাগী সোহানিয়া গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন। কাব স্কাউট জাতীয় রানার-আপ হওয়ার পাশাপাশি নৃত্যেও তিনি ছিলেন সমান পারদর্শী।

This post was viewed: 30

আরো পড়ুন