প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল হতে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন।
হঠাৎ এ অবরোধে নিউমার্কেট ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের চালক, অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরাও।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা বৈঠক করার পরও অধ্যাদেশ জারির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে তারা অভিযোগ করেন।
সকালে বিক্ষোভে যোগ দেয়া সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আজিমপুর মোড় ঘুরে আবার ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, অধ্যাদেশ বাস্তবায়নের স্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজন হলে আরও কর্মসূচি দেওয়া হবে বলেও তারা জানান।