Ridge Bangla

স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যমের বিকল্প নেই: ইসি কমিশনার সানাউল্লাহ

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই। আর সেই নির্বাচনে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ইসি কমিশনার সানাউল্লাহ জানান, গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা নানা প্রতিকূলতার মুখে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর শৃঙ্খলা ও আস্থা পুনর্গঠনে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আরও বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার। নতুন প্রক্রিয়া, নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে ভোটারদের কাছে একটি কার্যকর নির্বাচন পৌঁছে দিতে আমরা কাজ করছি।”

ভোটগ্রহণে সময় ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে; কারণ ভোটারদের একইসঙ্গে দুইটি ভোট প্রদান করতে হচ্ছে। সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের অবাধ চলাচল ও সংবাদ সংগ্রহে কোনো বাধা থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জোয়ারে ইসি বর্তমানে ব্যস্ত সময় পার করছে। তিনি জানান, সরকারের সঙ্গে সমন্বয় রেখে ‘শতাব্দীর সেরা নির্বাচন’ উপহার দিতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।

This post was viewed: 50

আরো পড়ুন