Ridge Bangla

দ্বিতীয় বিয়ে করলেন দক্ষিণী নায়িকা সামান্থা

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি ছবি পোস্ট করেন। যেখানে বরের হাত ধরে মন্দির থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। পরনে লাল বেনারসি আর হাতে গাঢ় মেহেদি। পাশে সাদা পাঞ্জাবি–পায়জামায় দাঁড়িয়ে ছিলেন পরিচালক রাজ নিদিমোরু। ক্যাপশনে লেখা ছিল, ‘১.১২.২০২৫’।

বিচ্ছেদের পর থেকে দীর্ঘদিন ধরে সামান্থার বিয়ে নিয়ে গুঞ্জন চলমান ছিল। যা এবার সত্য হলো পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ের মাধ্যমে। হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম এই দম্পতির বিয়ে নিয়ে প্রতিবেদন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিং ভৈরবী মন্দিরে বিয়ের আসর বসেছে। মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও তা আজ আর কারোর কাছে অজানা নয়। ধারণা করা হয়, তাদের এই সম্পর্কের সূত্রপাত ঘটে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এবং ‘সিটাডেল: হানি’ সিরিজের সেট থেকে।

উল্লেখ্য, সামান্থা ও নাগা চৈতন্য তাদের ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০২১ সালে। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে নাগা চৈতন্য শোভিতা ধুলিপালাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। অন্যদিকে পরিচালক রাজ নিদিমোরু ও শ্যামলি দে দম্পতি ২০২২ সালে বিচ্ছেদের পথ বেছে নেন।

This post was viewed: 24

আরো পড়ুন