আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় অংশ নিতে বিদেশে থাকা ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ এবং ১৪ হাজার ৭৯৯ জন নারী। রোববার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়।
ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ পদ্ধতির মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, আইনগত হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।
ইসির তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশের প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব দেশ থেকে নিবন্ধন করেছেন ৮৬ হাজার ১৩২ জন।
ইসি জানায়, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ব্যালট মার্ক করার পর তা নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরতি খামে পাঠাতে হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসীকে ভোট প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।