Ridge Bangla

ঘূর্ণিঝড় ডিটওয়াহ: চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশপাশের সাগর অত্যন্ত উত্তাল থাকায় বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসসহ বিশেষ বিজ্ঞপ্তি (নং–৯) প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং এটি আরও সামনে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিরাজ করছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,৮১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

This post was viewed: 46

আরো পড়ুন