Ridge Bangla

সৌর বিকিরণে ত্রুটি ধরা পড়ায় বিশ্বজুড়ে হাজারো এয়ারবাস বিমান চলাচল স্থগিত

তীব্র সৌর বিকিরণের প্রভাবে ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে হস্তক্ষেপের ঝুঁকি শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী এয়ারবাসের ছয় হাজারের বেশি বিমান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ৩১৮, এ৩১৯, এ৩২০ ও এ৩২১- এই চার মডেলের বিমান এতে প্রভাবিত হয়েছে, যা নির্মাতা প্রতিষ্ঠানের বৈশ্বিক বহরের প্রায় অর্ধেক।

শনিবার (২৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এয়ারবাস জানিয়েছে, বেশিরভাগ বিমানেই মাত্র তিন ঘণ্টার সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব। তবে প্রায় ৯০০ পুরনো মডেলের বিমানে অনবোর্ড কম্পিউটার সম্পূর্ণ বদলাতে হবে, যার আগে এগুলো যাত্রী পরিবহন করতে পারবে না।

যুক্তরাজ্যের বিমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কিছু ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটতে পারে। গ্যাটউইক কিছু ব্যাঘাতের কথা জানালেও হিথরো এখনো বড় ধরনের সমস্যা দেখেনি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে চলাচলকারী এক জেটব্লু ফ্লাইট গত অক্টোবর হঠাৎ উচ্চতা হারিয়ে জরুরি অবতরণ করলে এ ত্রুটি সামনে আসে। ওই ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হন।

ফ্রান্সেও ব্যাপক প্রভাব পড়েছে। এয়ার ফ্রান্স শনিবার সকালে শুধু প্যারিস থেকেই ৫০টি ফ্লাইট বাতিল করেছে। ইউরোপের ইজিজেট জানিয়েছে, কিছু ব্যাঘাত থাকলেও অনেক বিমানে আপডেট সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ভ্রমণ মৌসুমে সমস্যাটি তৈরি হওয়ায় অতিরিক্ত চাপ দেখা দেয়। আমেরিকান এয়ারলাইন্সের ৩৪০টি বিমান প্রভাবিত হলেও বেশিরভাগ আপডেট শেষ হওয়ার কথা। এদিকে অস্ট্রেলিয়ার জেটস্টার ৯০টি ফ্লাইট বাতিল করেছে।

This post was viewed: 38

আরো পড়ুন