বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে আগ্রহী হলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমান দেশে আসতে চাইলে আমাদের কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই। প্রয়োজনে একদিনেই ট্রাভেল পাস দেওয়া হবে।” তিনি আরও জানান, অসুস্থতার কারণে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালের প্রত্যার্পণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তার বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য আমাদের কাছে নেই। জানা যায় তিনি ভারতে আছেন, কিন্তু এ বিষয়ে ভারত কখনো লিখিতভাবে কিছু জানায়নি। তাঁকে দিয়ে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হবে এমন তথ্যও আমার কাছে নেই।” তিনি আরও বলেন, সরকারের অবস্থান স্পষ্ট; শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।