Skip to main content

Ridge Bangla

সৌদিসহ সাত দেশে আজ থেকে পুনরায় প্রবাসী ভোটার নিবন্ধন শুরু

সৌদি আরবসহ সাতটি দেশে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম আজ শনিবার ভোর ৬টা থেকে পুনরায় চালু হচ্ছে। ঠিকানা ইনপুটে ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সাময়িক স্থগিত থাকার পর আবারও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। শুক্রবার রাতে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় পুনরায় নিবন্ধন খোলা হচ্ছে। ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে অবশ্যই ইংরেজিতে সঠিক ও পূর্ণ ঠিকানা দিতে হবে। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা, কিংবা নিকটস্থ কোনো পরিচিত প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ এবং ওসিভি–এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, সাত দেশে বহু প্রবাসী সঠিক ঠিকানা ইনপুট না দেওয়ায় ব্যালট পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছিল। ম্যান্ডেটরি ফিল্ডে ভুল তথ্য জমা পড়ায় সাময়িকভাবে নিবন্ধন বন্ধ করতে হয়। দূতাবাস ও অন্যান্য মাধ্যমে প্রবাসীদের সঠিকভাবে ঠিকানা দেওয়ার নির্দেশনা জানানো হয়েছে।

ইসি কর্মকর্তা বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রবাসীরা যেন সুবিধাজনক সময়ে নিবন্ধন করতে পারেন, সে বিবেচনায় অ্যাপ পুনরায় সক্রিয় করা হচ্ছে। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন, তাদের জন্য ঠিকানা সংশোধনের সুবিধাও চালু করা হবে। নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না এ বিষয়ে ইসি সচিব বলেন, ২১ দিনের সময়সীমা যথেষ্ট। ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে এবং এরপর ব্যালট পেপার প্রস্তুত করে ডাক বিভাগে হস্তান্তর করা হবে।

This post was viewed: 52

আরো পড়ুন