Ridge Bangla

কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ৩, আহত ১০

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন গং ও এরশাদ আলী গং-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া।

ঘটনার সময় আহত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে নিয়মিত এলাকায় নজরদারি চালাচ্ছে। এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসনও সতর্কতা জারি করেছে।

This post was viewed: 41

আরো পড়ুন