Ridge Bangla

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন স্বাক্ষরিত এক বার্তায় রাষ্ট্রপ্রধান দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।

এদিকে, খালেদা জিয়ার শারীরিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন এবং তাঁর আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত কয়েক বছর ধরে লিভারসহ একাধিক দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাঁকে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, শুক্রবার রাতে মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং প্রতিটি চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিয়মিত পর্যবেক্ষিত প্যারামিটার অনুযায়ী।

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। হাসপাতালে অবস্থান করছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও। বিএনপির পক্ষ থেকেও দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানো হয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন