Skip to main content

Ridge Bangla

বিএনপির সমাবেশে উত্তেজনা: আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসাধারণের জীবন–সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকাজুড়ে ১৪৪ ধারা কার্যকর থাকবে।

বিএনপি সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের। অন্যদিকে একই দিন বিকেল ৩টায় আরিফুজ্জামান উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির আরেক পক্ষ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। দুই পক্ষের এই সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কার কারণেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

This post was viewed: 62

আরো পড়ুন