Skip to main content

Ridge Bangla

হংকংয়ে আগুন নিয়ন্ত্রণে, নিহত ৯৪ জন

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। গত ৬০ বছরের মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছে চীনা প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আসলেও বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) আলজাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কমপ্লেক্সের চারটি ভবনে আগুন প্রায় নিয়ন্ত্রণে এলেও আটকে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ করছে। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানান, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জন নিখোঁজ ব্যক্তির তালিকা করা হয়েছিল। ২৪ ঘণ্টা পরও এ সংখ্যা হালনাগাদ হয়নি। স্থানীয় বাসিন্দা লরেন্স লি জানান, আগুন লাগার সময় স্ত্রীকে বের হয়ে যেতে বললেও করিডোর ধোঁয়ায় ভরে যাওয়ায় তিনি ফ্ল্যাটে ফিরে যেতে বাধ্য হন এবং এখনো তার কোনো খোঁজ মিলছে না। ইন্দোনেশীয় নাগরিক ইয়ায়ুক জানান, তার বোন শ্রী-ওয়াহিউনিরও সন্ধান মিলছে না।

বুধবার বিকেলে বাঁশের স্ক্যাফোল্ডিং ও নির্মাণ নেটিংয়ে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত সাতটি ভবনে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ভবনের বাইরের কিছু উপকরণ অগ্নিরোধক মান পূরণ করেনি, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে।

ঘটনার পর তিন নির্মাণ কর্মকর্তাকে গুরুতর অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর শহরজুড়ে নির্মাণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার জানিয়েছে, সব সংস্কারাধীন আবাসিক ভবন জরুরি পরিদর্শনের আওতায় আনা হবে এবং ধাপে ধাপে বাঁশের স্ক্যাফোল্ডিং নিষিদ্ধ করা হবে। ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে দুই হাজার ফ্ল্যাটে প্রায় ৪ হাজার ৮০০ বাসিন্দা থাকতেন, যাদের অনেকেই প্রবীণ। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ৩০ কোটি হংকং ডলারের বিশেষ তহবিল ঘোষণা করেছে।

This post was viewed: 82

আরো পড়ুন