Skip to main content

Ridge Bangla

দেশজুড়ে ভবন নির্মাণ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠন নির্দেশ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে দেশের সব ভবন ও নির্মাণকাজের অনুমোদনের জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নতুন কর্তৃপক্ষ গঠিত হলে দেশজুড়ে সব স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদন দিতে সক্ষম হবে। বর্তমানে রাজউক শুধুমাত্র রাজধানী ও সংশ্লিষ্ট এলাকার নির্মাণ অনুমোদনের দায়িত্ব পালন করে। প্রধান উপদেষ্টা বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন গ্রামাঞ্চলে বাড়তে থাকা চার থেকে পাঁচ তলা ভবনের নিরাপত্তা ও জাতীয় ভবন নির্মাণ কোডের যথাযথ বাস্তবায়নের বিষয়ে। তিনি নির্দেশ দিয়েছেন, ভূমিকম্প ও অগ্নি-ঝুঁকি বিবেচনা করে নির্মাণ কার্যক্রম নিশ্চিত করতে হবে।

নতুন অধ্যাদেশে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ, জলাশয় ও প্রাকৃতিক জলাধারের সুরক্ষা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। জমির মালিকের ৬০ শতাংশ সম্মতি থাকলে পুনর্বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে। এছাড়া অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ বা ব্যত্যয়ী স্থাপনা অপসারণের শাস্তির বিধানও রাখা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, রাজউকের চেয়ারম্যান, সদস্য ও কর্মচারীদের প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো চুক্তি বা শেয়ার নিয়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, প্রাকৃতিক জলপ্রবাহ, খেলার মাঠ ও উদ্যানের শ্রেণী পরিবর্তন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 73

আরো পড়ুন