রূপালি পর্দায় অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুনভাবে আলোচনায় এসেছেন। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা বুবলী এখন অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের জীবনের নানা মুহূর্ত এবং অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত কিছু ছবি মুহূর্তে নেটিজেনদের নজর কাড়ে। ছবিগুলোতে দেখা যায়, বুবলী ছাদবাগানে বাগানবিলাস ফুলের আবহে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন। পরনে রয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। খোলা চুল, কপালে ছোট্ট টিপ এবং কানের দুলের সঙ্গে ঠোঁটের মিষ্টি হাসি তার সাজে আরও স্নিগ্ধতা যোগ করেছে।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, “জামদানি শাড়ি শুধু কাপড় নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প।” এর মাধ্যমে তিনি বাংলাদেশি মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের প্রতি ভালো লাগা প্রকাশ করেছেন। ভক্ত ও অনুরাগীরা বুবলীর এই সাজকে প্রশংসায় ভাসাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি এবং ইতিবাচক প্রতিক্রিয়া উঠেছে। একজন ভক্ত লিখেছেন, “অসম্ভব সুন্দর লাগছে আপনাকে শাড়িতে।” অন্য একজন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ! খুব সুন্দর লাগছে বুবলী আপুকে।”