Skip to main content

Ridge Bangla

খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা যাবে না: এনএসসি

জাতীয় নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় সাধারণত দেশের তারকা কিংবা ক্রীড়া ব্যক্তিত্বদের ব্যবহার করে। কেউ বা আবার স্বেচ্ছায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে, যেটা বিগত নির্বাচনগুলোতে সচরাচর দেখা গিয়েছিল। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে কেউ কেউ চরম বিতর্কে জড়িয়ে গিয়েছিল। বিশেষ করে বিগত কয়েকটি নির্বাচনে জাতীয় দলের খেলোয়াড়রা নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে নানা বিতর্ক ও ক্যারিয়ার হুমকিতে পড়েছিল।

এবার হয়তো এমনটি আর দেখা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সব পক্ষকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই এই সতর্কবার্তা দিয়ে রাখল এনএসসি।

সোমবার (২৪ নভেম্বর) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ। উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষর করা এক বিবৃতিতে ক্রীড়া পরিষদ জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না; খেলোয়াড়দের কোনো নির্বাচনি সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে; সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

ক্রীড়া পরিষদের চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ, নাগরিকদের একাত্মতার প্রতীক। তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আরও জানানো হয়, উপরিউক্ত নির্দেশনাসমূহের যেকোনো ব্যত্যয় দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

ক্রীড়া পরিষদ জানিয়েছে, আগামী নির্বাচনকে কেন্দ্রে করে কিছু মহল বা ব্যক্তি খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়া নীতি বিরোধী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত করতে পারে।

This post was viewed: 105

আরো পড়ুন