Skip to main content

Ridge Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠে কিংবা মাঠের বাইরে যে কোনো ইস্যুতেই ভারত–পাকিস্তান বিভিন্ন বিতর্কের জন্ম দেয়। এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাক–ভারত ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে। সম্প্রতি এই হাইভোল্টেজ ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের সাথে শ্রীলঙ্কা সহআয়োজক দেশ হিসেবে যৌথভাবে আয়োজন করবে। ভারত–পাকিস্তান বিভিন্ন দ্বন্দ্বের জেরে ভারতীয় বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই সম্মত হয়েছে- দুই দেশের দ্বৈরথ হবে নিরপেক্ষ ভেন্যুতে। তাই ভারত–পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ভারতে অনুষ্ঠিত না হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেই আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো অথবা ক্যান্ডিতে খেলবে। ভারতের ম্যাচগুলো সব তাদের মাঠেই অনুষ্ঠিত হবে। অপরদিকে পাকিস্তানের ম্যাচগুলো ভারতে না হয়ে সবগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।

খবরে আরও বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল উভয়ই অনুষ্ঠিত হতে পারে ভারতের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি আহমেদাবাদে নির্ধারিত থাকলেও, পাকিস্তান যদি ফাইনালে ওঠে তবে তা কলম্বোতে স্থানান্তরিত হবে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক ভারত ও শ্রীলঙ্কার ছাড়াও আরও খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও আরব আমিরাত।

This post was viewed: 95

আরো পড়ুন