Skip to main content

Ridge Bangla

ক্যাপিটাল ড্রামার ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, নায়িকা নীলা

ক্যাপিটাল ড্রামার ব্যানারে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে। হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দেখা যাবে এক ভিন্নধর্মী যাত্রা। যেখানে শুধুই রোমান্স নয়, মিশে আছে বন্ধুত্ব, পরিবার এবং ছাত্রজীবনের স্মৃতি।

৯০ মিনিটের এই ফিল্মটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি নিজেই। প্রথম থেকেই ফিল্মের নায়িকা কে হতে যাচ্ছে তা নিয়ে ছিল দর্শকদের মধ্যে কৌতূহল। প্রযোজক সংস্থাও নায়িকার পরিচয় গোপন রাখার মাধ্যমে এই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল।

শেষ পর্যন্ত নায়িকার পরিচয় জানা গেল। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় নায়িকার নাম ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল শাম্মি ইসলাম নীলা। ২৪ বছরের নীলা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ–২০২৩’-এর মুকুটজয়ী। যদিও চলতি বছরের শুরুতে তিনি বিয়ে করেছেন, অভিনয়ে এটি তার প্রথম পদার্পণ।

প্রথম অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, “আজকের দিনটা আমার জন্য বিশেষ। ফার্স্ট লাভ-এর গল্পের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পেরেছি। দর্শকরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পকে অনুভব করবেন। আশা করি, মানসম্মত অভিনয় উপভোগ করবেন।”

ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘ফার্স্ট লাভ’ হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ। আমাদের নায়িকার প্রথম কাজ হওয়ায় গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।

পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, “গল্পটি পুরোপুরি আমার লেখা। আশা করি দর্শকরা গল্পের সঙ্গে নতুন এক জার্নি উপভোগ করবেন।”

This post was viewed: 54

আরো পড়ুন