Ridge Bangla

বিএনপি ক্ষমতায় এলে ইমাম–মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ইমাম–মুয়াজ্জিনদের জন্য নিয়মিত সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।

তারেক রহমান জানান, দেশের ধর্মীয় শিক্ষা ও সামাজিক নৈতিকতা রক্ষায় ইমাম–মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ কারণে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, সংকীর্ণ দলীয় স্বার্থে কিছু ক্ষেত্রে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছে, যা সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ডেকে আনে। ধর্মীয় ব্যাখ্যার অপপ্রয়োগ যেন ফিৎনা সৃষ্টি না করে, সে বিষয়ে আলেম–ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “বিএনপি সবসময় ইসলাম ও মুসলিম সমাজের স্বার্থরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও ইসলামবিরোধী তৎপরতা রোধে দলটি সোচ্চার থাকবে।” দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে আলেম–ওলামাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, আলেম সমাজ ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির পক্ষে দাঁড়াবেন।

This post was viewed: 32

আরো পড়ুন