Skip to main content

Ridge Bangla

মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর রোববার বিকেলে কোস্টগার্ড স্টেশন পাগলার একটি টিম মুন্সীগঞ্জের পঞ্চসার উপজেলার বিনোদপুর এলাকার ডিংগাভাঙ্গা সংলগ্ন স্থানে অভিযান চালায়।

অভিযান চলাকালে সেখানে অবস্থিত ছয়টি জাল তৈরির কারখানা এবং দুইটি গোডাউনে তল্লাশি চালিয়ে এক কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। এসব জাল নদী ও সাগরে ব্যবহার করলে মাছের পোনা ও ছোট মাছ নিধন হয়ে মৎস্যসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে জব্দ করা এসব অবৈধ জাল ও সুতার রিল সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

This post was viewed: 100

আরো পড়ুন