Ridge Bangla

পুরান ঢাকায় ভূমিকম্পে রেলিং ধসে নিহত ৩

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পের পর ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কসাইটুলী এলাকার একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হন। তবে নিহতদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন জানান, ভূমিকম্পের কম্পনের সময় হঠাৎ রেলিংটি ভেঙে নিচে পড়ে তিনজনকে চাপা দেয়। তারা তখন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশাল এলাকার নিকটে। ঢাকার বিভিন্ন অঞ্চলে কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হলে লোকজন আতঙ্কে ভবন থেকে বের হয়ে আসেন। বংশাল এলাকায় ভবনের রেলিং ধসকে কেন্দ্র করে অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে।

This post was viewed: 22

আরো পড়ুন