গত বছরের জুলাই মাসে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশা চালক সুজন এবার রাজনৈতিক পরিচয়ে যুক্ত হয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।
জানা গেছে, জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণও এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার ছিল এনসিপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, সুজনের মতো সাধারণ মানুষ ও সমাজের কর্মঠ ব্যক্তিদের রাজনীতিতে আসা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ছাত্র–জনতার আন্দোলনে তার সাহসী ভূমিকা ও স্যালুট দেওয়ার ঘটনাই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
সুজন জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে মনোনয়ন গ্রহণ করেছেন।