Ridge Bangla

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত ঐতিহ্যবাহী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে সেনানিবাসের উদ্দেশে রওনা হন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। গত বছরও তিনি সেনাকুঞ্জের একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অধ্যাপক জাহিদ হোসেন। এছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতারাও সেনাকুঞ্জে উপস্থিত হয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিকাল চারটায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়, যা রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে সেনানিবাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর বিভিন্ন রাজনৈতিক ও সামরিক মহলের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণিল।

This post was viewed: 29

আরো পড়ুন