Ridge Bangla

ভিয়েতনামে আকস্মিক বন্যায় মৃত ৪১, নিখোঁজ ৯

টানা ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হতাহতের মধ্যে এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রাকৃতিক এই দুর্যোগে ৫২ হাজারের বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং পাঁচ লাখেরও বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গত তিন দিনে কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১.৫ মিটার ছাড়িয়েছে। বৃষ্টির আধিক্যতা ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার রেকর্ডকেও পেছনে ফেলেছে।

সম্প্রতি টাইফুন কালমাগি ও বুয়ালয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও আরেকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলো ভিয়েতনাম। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশটির ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার। হোই আন, ন্যা চ্যাং ও মধ্যাঞ্চলের কফি উৎপাদন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কফি উৎপাদনের কেন্দ্রবিন্দু ডাক লাক প্রদেশে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্তত রবিবার পর্যন্ত পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ থাকতে পারে। এরই মধ্যে সেনাবাহিনী ও পুলিশ জরুরি আশ্রয়কেন্দ্র খুলে মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। ভূমিধসে প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দা লাট শহরের প্রবেশমুখ মিমোসা পাসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

This post was viewed: 31

আরো পড়ুন