বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ কখনোই প্রকৃত অর্থে রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না। গণতন্ত্রের মুখোশধারী ‘মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের গণ-অভ্যুত্থান ও লাখো শহীদের রক্তের বিনিময়ে মানুষের প্রত্যাশা একটি শক্তিশালী ও বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা আওয়ামী লীগ তা ব্যাহত করেছে। তিনি দাবি করেন, সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার তাদের দীর্ঘদিনের রাজনৈতিক চরিত্র।
শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আদেশ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এই রায় বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ। এ দেশের মানুষ দেখতে চায় স্বৈরাচার বা ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। গণতন্ত্র হত্যা করলে এরই পরিণতি ভোগ করতে হবে।” তিনি আরও বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় যারা আসবেন, তাদেরও এ শিক্ষা মাথায় রাখতে হবে।
তিনি সতর্ক করেন, রাজনৈতিক ব্যর্থতা দেখা দিলে দেশে আবারও ফ্যাসিবাদী রাজনীতির উত্থান হতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা ও জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্বশীল ভূমিকাই এখন সবচেয়ে জরুরি। সমাবেশে মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মকে দেশ, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অটল থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।