Ridge Bangla

কম্বোডিয়ায় সেতু থেকে বাস পড়ে নিহত ১৬, আহত ২৪

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু থেকে যাত্রীবাহী একটি বাস উল্টে নিচে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরাঞ্চলের অডার মিনচে প্রদেশ থেকে রাজধানী নমপেনগামী বাসটি সিয়েম রিপে যাত্রী তোলার পর পুনরায় যাত্রা শুরু করে। পথে একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারালে বাসটি নিচে পড়ে যায়। সিয়েম রিপ বিশ্বের বিখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের জন্য পরিচিত, যেখান থেকে নমপেন পৌঁছাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। বাসটিতে থাকা ৪০ জনই কম্বোডিয়ার নাগরিক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। প্রথমে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নদীতে অনুসন্ধান শেষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহত ২৪ জনকে কাম্পং থম প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ জানিয়েছে, রাত্রিকালীন রুট হওয়ায় বাসটিতে পালাক্রমে দুজন চালক দায়িত্ব পালন করছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। তবে চালক নিহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, নদীতে অর্ধডুবন্ত বাসটি ক্রেন দিয়ে তোলা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা যাত্রীদের উদ্ধারে তৎপর রয়েছেন।

This post was viewed: 37

আরো পড়ুন