রাজধানীর মহাখালীতে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে বৈশাখী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসটির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। ঠিক কীভাবে আগুন লেগেছে, কেউ আগুন দিয়েছে নাকি যান্ত্রিক কোনো ত্রুটি থেকে আগুন ছড়িয়ে পড়ে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তারা। আগুন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে পড়েন। ফলে বড় ধরনের প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
আগুনে বাসের ভেতরের সিট, ইঞ্জিনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ধোঁয়ায় ভরে যাওয়ায় অনেক যাত্রী বাসের জানালা ভেঙে বের হয়ে আসেন। স্থানীয় লোকজন দ্রুত পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের উপস্থিত হওয়ার আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিন বা বৈদ্যুতিক অংশে ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।