Ridge Bangla

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি আস্তে আস্তে ভালো হচ্ছে এবং দেশের নিরাপত্তা বাহিনী দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “নির্বাচন যত এগোবে, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও জনসমাগম বাড়বে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে না।”

তিনি আরও বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই। বিশ্বের কিছু দেশে এমন প্রযুক্তি আছে যা ভূমিকম্প শুরু হওয়ার ১০ সেকেন্ড আগে মানুষকে সতর্ক করতে পারে। এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় কি না তা নিয়ে ভাবনা চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা ভবন ও শহর পরিকল্পনার দিকেও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সবাইকে অবশ্যই বিল্ডিং কোড মানতে হবে। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। অনেক জায়গায় জলাশয় ভরাট হয়ে গেছে, দাঁড়ানোর মতো পর্যাপ্ত মুক্ত জায়গা নেই। রাজউককে এসব বিষয়ে আরও সতর্ক হতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিকরা মিলিতভাবে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি, তিনি সবাইকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকার আহ্বান জানান।

This post was viewed: 67

আরো পড়ুন