শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)–এ হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনের সংঘাতে থাকা শিশুদের পুনর্বাসন কেন্দ্রটিতে ডরমিটরি থেকে দ্রুত নিচে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে অন্তত ৪১ জন শিশু আহত হয় বলে কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা একযোগে নিচে নামতে শুরু করে। এতে বেশ কয়েকজন পড়ে গিয়ে ও একে অপরের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে আহত ৩০ জনকে টঙ্গী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সবাইকে কেন্দ্রেই ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা কেন্দ্রের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছে এবং সবাই নিরাপদ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই সব শিশুকে কেন্দ্রের মাঠে নিরাপদ স্থানে সারিবদ্ধভাবে বসানো হয়। সুপারিনটেনডেন্টসহ কর্মকর্তা-কর্মচারীরা শিশুদের কাউন্সেলিং করে আতঙ্ক কাটানোর চেষ্টা করেন এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ বিষয়ে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং গাজীপুর জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। মহাপরিচালক নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন।