আগামী জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, তিনি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা করছেন। জনগণের ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে কোনো পক্ষই যেন পেশিশক্তি বা জুলুমের আশ্রয় না নেয়। যদি কোনো গোষ্ঠী ভোট কাটার চেষ্টা করে, জনগণই তাদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, অতীতের মতো কেউ যদি ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টায় লিপ্ত হয়, তবে তার যোগ্য জবাব দেওয়া হবে। জুলুম-নিপীড়ন, ফ্যাসিবাদ ও বিভাজন সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইসলামের কথা বলার শক্তিগুলোকে রক্তচক্ষু উপেক্ষা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে পারলে দেশে সত্যিকার অর্থেই নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি হতে পারে।