৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে রেলপথ অবরোধ করেছেন। এর ফলে রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ জানাতে থাকেন। আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য দূরীকরণের দাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হয়েছিল। অথচ বিসিএস পরীক্ষার সময়সূচিতে নতুন করে বৈষম্য তৈরি করা হয়েছে। পূর্বের পরীক্ষাগুলোতে লিখিত প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও এবার নতুন ব্যাচের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। তিনি বলেন, পিএসসি সময় পরিবর্তন না করা পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ না দিয়ে পরীক্ষা নেওয়া অন্যায়। পিএসসি স্বৈরাচারী আচরণ অব্যাহত রাখলে আন্দোলনও অব্যাহত থাকবে।
এর আগের দিন শনিবার (২২ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে সমবেত হন। বিকেল সাড়ে ৪টায় রেললাইনে বসে রেল অবরোধ শুরু করলে ময়মনসিংহ রুটের তিস্তা, মহুয়া এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেসসহ তিনটি ট্রেন সাড়ে তিন ঘণ্টা আটকে পড়ে। এতে সারা দেশের সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ ব্যাহত হয়।