Ridge Bangla

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিচারকদের ছবি সরানোর নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারক সংশ্লিষ্ট ছবি ও মন্তব্য ভাইরাল হওয়ায় এগুলো দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অপসারণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে এ নির্দেশ প্রদান করেন।

১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ব্যবহার করে নানান অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ে, যা আদালতের নজরে আসে।

স্বতঃপ্রণোদিত হয়ে আদালত এসব কন্টেন্ট অপসারণের নির্দেশ দিয়ে উল্লেখ করে, মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার হলেও তা আইনের সীমারেখা মেনে এবং কোনোভাবেই অবমাননাকর না হওয়া উচিত। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিমসহ অন্যান্য আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরাও শুনানিতে উপস্থিত ছিলেন।

This post was viewed: 113

আরো পড়ুন