আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় অংশ নিতে মরক্কো সফরে গেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (২৩ নভেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন। সোমবার (২৪ নভেম্বর) মরক্কোর মারাকেশ শহরে ১৯৬টি সদস্য দেশের উপস্থিতিতে চার দিনব্যাপী এই সাধারণ সভা শুরু হয়েছে, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। সম্মেলন শেষে আইজিপি ৩০ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইজিপি নিজেই। সম্মেলনের বাইরে তিনি বিভিন্ন দেশের পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে তথ্য ও গোয়েন্দা বিনিময়, যৌথ অভিযান পরিচালনা, সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং সংগঠিত অপরাধ মোকাবিলায় সমন্বয় জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসবে।
ইন্টারপোলের সাধারণ অধিবেশন বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এখানে সন্ত্রাসবাদ দমন, সাইবার অপরাধ প্রতিরোধ, মানবপাচার রোধ, সীমান্ত-পারের অপরাধ দমন, পুলিশের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণের মতো বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়। প্রতি বছর আয়োজিত এ অধিবেশনে সংস্থার নীতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বাজেট এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।