Skip to main content

Ridge Bangla

আজ নায়িকা শবনম বুবলীর জন্মদিন

আজ জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। দেশে ফিরেই নতুন একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিলেও আপাতত হাতে থাকা দুটি অসম্পূর্ণ ছবির কাজ শেষ করছেন এ সময়ের আলোচিত এই অভিনেত্রী।

জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে বুবলী জানান, এবার দিনটি পরিবারের সঙ্গেই কাটবে; বাবা–মা, সন্তান শেহজাদসহ ঘনিষ্ঠজনদের নিয়ে। তবে মধ্যাহ্নভোজের সময়টি তিনি অতিবাহিত করবেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে। সেখানে অবস্থানরত বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কেক কাটা, দুপুরের খাবার খাওয়া, আড্ডা দেওয়া এবং প্রত্যেকের জন্য ছোট্ট উপহার নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। বুবলীর ভাষায়, অনেকদিন ধরেই ভেবেছি জন্মদিনটা বৃদ্ধাশ্রমের বাবা–মায়েদের সঙ্গে কাটাব। তারা জীবনে অনেক কিছু পাওয়ার কথা ছিল, কিন্তু পাননি। আমি অন্তত কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিতে চাই।

তার জন্মদিনকে ঘিরে দেশ–বিদেশের ভক্তদের অগণিত শুভেচ্ছায় তিনি অভিভূত। বুবলী বলেন, জন্মদিন এলেই নানা জায়গা থেকে এত শুভেচ্ছা আসে যে আলাদা করে সবার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু প্রত্যেকটি বার্তাই আমি মন দিয়ে পড়ি।

বর্তমানে বুবলী ব্যস্ত রয়েছেন জাহিদ জুয়েলের পরিচালনায় পিকনিক এবং লাজুকের শাপলা শালুক সিনেমার গান ও কিছু সিকোয়েন্সের কাজে। পাশাপাশি তিনি শিগগিরই জাহিদ হোসেন পরিচালিত ঢাকাইয়া দেবদাস চলচ্চিত্রেও অভিনয় শুরু করবেন।

This post was viewed: 70

আরো পড়ুন