রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
এ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র দ্রুত মাঠপর্যায়ে সংগ্রহ ও মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত নিরূপণ করে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হবে।
উদ্ভূত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে গুজব বা ভুয়া তথ্য এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।