বাবাদের ত্যাগ, পরিশ্রম ও নীরব যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক বাবাও মানুষ সম্প্রতি দর্শকদের মন জয় করেছে। পরিবার ও সন্তানদের জন্য নিজের সবকিছু উৎসর্গ করার অদৃশ্য সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা এই নাটকটি দেখিয়ে দেয়, বাবা শুধুমাত্র রক্ষা ও সুরক্ষার প্রতীকই নয়, তার অন্তরেও অগাধ ভালোবাসা ও নীরব কষ্ট লুকিয়ে থাকে।
নাটকে দেখানো হয়েছে, জীবনের নানা সময় বাবারা পরিবারের জন্য আত্মত্যাগ করেন। কিন্তু বয়স ও সময়ের প্রভাবে অনেক সময় পরিবারই তাদের বোঝা মনে করে। তবু বাবারা কখনো অভিযোগ করেন না, ফলে তাদের কষ্ট প্রায়ই অজানা থেকে যায়। এই বাস্তববাদী উপস্থাপনাই দর্শকদের হৃদয় স্পর্শ করছে।
প্রকাশের মাত্র পাঁচ দিনে ইউটিউবে নাটকটি ১৬ লাখের বেশি দর্শক দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নাটকের নির্মাণশৈলী, বাস্তবধর্মী গল্প, সাবলীল ক্যামেরা ব্যবহার, পরিচ্ছন্ন কালার গ্রেডিং এবং হৃদয়ছোঁয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে নাটকটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পর বর্তমানে নাটকটি KS ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। দর্শকরা নাটকের আবেগঘন দৃশ্য ও সংলাপ শেয়ার করে পরিবারের প্রতি শ্রদ্ধা ও বাবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। নির্মাতারা জানিয়েছেন, দর্শকের এই ইতিবাচক প্রতিক্রিয়া তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।