Skip to main content

Ridge Bangla

স্টেজ থেকে নেমে আবেগে ভেঙে পড়লেন মিথিলা

থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা, যেখানে ১২১টি দেশের সেরা সুন্দরীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশন, প্রদর্শনী ও মূল্যায়নে। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মিথিলা। আগামীকাল ঘোষণা করা হবে মিস ইউনিভার্স ২০২৫-এর ফল। এরই আগে বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ন্যাশনাল কস্টিউম পর্ব, যা নিয়ে প্রতিযোগী ও দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

বাংলাদেশের প্রতিনিধিত্বে মিথিলা বেছে নিয়েছেন দেশের নারীদের ঐতিহ্যের প্রতীক শাড়ি, বিশেষ করে সাদা জামদানি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কস্টিউম উন্মোচন করে তিনি জানান, এ ন্যাশনাল কস্টিউমের শিরোনাম দিয়েছেন দ্য কুইন অব বেঙ্গল। মিথিলার ভাষায়, জামদানি শুধু পোশাক নয়, এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।

বুধবার দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের উদ্দেশে মিথিলা বলেন, ন্যাশনাল কস্টিউম সবার কেমন লেগেছে? আশা করি, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউমই বেছে নিয়েছি। আমার মনে হয়, এভাবে আগে কেউ বাংলাদেশকে তুলে ধরেনি। আমি সন্তুষ্ট, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে।

স্টেজ থেকে নামার পর প্রবল আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিথিলা বলেন, স্টেজ থেকে নামার পর আমার খুব কান্না আসছে। সবাই এত প্রশংসা করেছে যে নিজেকে সামলাতে পারিনি। নিজের দেশকে উপস্থাপন করতে কতটা সাহস ও শক্তির প্রয়োজন- মঞ্চে দাঁড়ালে বুঝতে পারা যায়।

This post was viewed: 65

আরো পড়ুন