ঢাকায় শুক্রবার সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় বলেছে, তারা সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি প্রকাশ করছে। অপরদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস পৃথক বার্তায় ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকা কেঁপে ওঠে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা আগারগাঁও আবহাওয়া অফিস থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।