Ridge Bangla

অভিনেত্রী মেহজাবীন ঘটনা জানিয়ে বিস্তারিত বিবৃতি দিলেন

অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি। আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ করেন ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাবে তিনি বিভিন্ন সময়ে মেহজাবীনকে ২৭ লাখ টাকা দিয়েছেন। কিন্তু ব্যবসা এগোয়নি, আর টাকা ফেরত চাইলে নাকি মেহজাবীন ও তাঁর ভাই তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন।

এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এ দাবি করে গতকাল রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন অভিনেত্রী। পরে সোমবার ফেসবুকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পুরো ঘটনার নেপথ্য তুলে ধরেন তিনি।

বিবৃতিতে মেহজাবীন লিখেছেন, অভিযোগকারী ব্যক্তি তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের মার্চে মামলা করেছেন, অথচ গত নয় মাসে তিনি কোনো নোটিশ বা আইনি কাগজপত্র পাননি। তাঁর ভাষায়, অভিযোগকারী পুলিশকে সঠিক ফোন নম্বর, ঠিকানা বা পরিচয়পত্র কিছুই দিতে পারেননি। এমনকি ২০১৬ সাল থেকে ফেসবুকে যোগাযোগের দাবি করলেও কোনো বার্তার স্ক্রিনশট, মেসেঞ্জার–হোয়াটসঅ্যাপ লগ কিংবা ফোনকলের প্রমাণ দেখাতে পারেননি।

২৭ লাখ টাকা দেওয়ার দাবির ক্ষেত্রেও নেই কোনো ব্যাংক লেনদেন, চেক, বিকাশ রেকর্ড, চুক্তিপত্র বা সাক্ষী। পরিচয়ও অসম্পূর্ণ এনআইডির কপি পর্যন্ত জমা দেননি অভিযোগকারী। খবর প্রকাশের পর থেকে তাঁর ফোনও বন্ধ বলে দাবি করেন মেহজাবীন। অভিযোগে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে হুমকির কথা বলা হলেও এক সেকেন্ডের সিসিটিভি ফুটেজ, সাক্ষী বা রেস্টুরেন্টের কোনো নথি পর্যন্ত নেই যা ঢাকার সবচেয়ে নজরদারিপূর্ণ এলাকাগুলোর একটি হিসেবে অসম্ভব বলেই মনে করেন তিনি। মেহজাবীন বলেন, নোটিশ পেলে আগেই আইনি ব্যবস্থা নিতাম। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে জামিন নিয়েছি।

This post was viewed: 37

আরো পড়ুন