Ridge Bangla

সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত এক বাণীতে তিনি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাণীতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকেই সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রথম প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং দীর্ঘ নয় মাসের লড়াইয়ে নেতৃত্ব দেন। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালান। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশের সাধারণ মানুষ এতে অংশ নেন। এই সমন্বিত অভিযানের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এই বিজয়কে স্মরণীয় রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদান বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্র–শ্রমিক–জনতার গণ–অভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ, শিল্প–কারখানা নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারসহ বেসামরিক প্রশাসনের সহায়ক হিসেবে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ড. ইউনূস জানান, গত ১৫ মাসে জনগণের পাশে থেকে সশস্ত্র বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের সাথে একসাথে কাজ করে যাবে।

This post was viewed: 54

আরো পড়ুন